বাংলাদেশ ঋণগ্রস্ত জাতিতে পরিণত হচ্ছে: এনবিআর চেয়ারম্যান
ছবি : সংগৃহীত
০৩:৩৬ পিএম | ০৬ মার্চ, ২০২৫
বাংলাদেশ ধীরে ধীরে ঋণগ্রস্ত জাতিতে পরিণত হচ্ছে এবং বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বরিশাল ক্লাব কনফারেন্স কক্ষে এক প্রাক-বাজেট আলোচনা সভায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বরিশাল চেম্বার অব কমার্স যৌথভাবে এ সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের সুবিধার্থে অনলাইনে রিটার্ন জমার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। পাশাপাশি, আয়কর বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি দুর্নীতির আশ্রয় নেন বা করদাতাদের হয়রানি করেন, তাহলে তা অনলাইনে অভিযোগ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একেক জনের জন্য একেক রকম নিয়ম নয়, বরং সকলের জন্য একই নিয়মে ভ্যাট প্রদান ব্যবস্থা পুনর্গঠন করা হবে। বিশ্বমানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের রাজস্ব আদায় এখনো অনেক কম। ফলে দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই।
সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা অংশ নেন এবং কর সংক্রান্ত নানা সমস্যা ও হয়রানির অভিযোগ তুলে ধরেন। ব্যবসায়ীরা বিশেষ করে ট্যাক্স ও ভ্যাট প্রদানে হয়রানি বন্ধের দাবি জানান।
আরএইচ/টিএ