© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউক্রেনের আর্থিক সহায়তা আটকে দিলো হাঙ্গেরি

শেয়ার করুন:
ইউক্রেনের আর্থিক সহায়তা আটকে দিলো হাঙ্গেরি

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৪ পিএম | ০৭ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্র তাদের সহায়তা স্থগিত করার পর, ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে ৩ হাজার কোটি ইউরো (প্রায় ৩ হাজার ২০০ কোটি ডলার) প্রদান করার প্রক্রিয়া শুরু করেছে।

তবে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হাঙ্গেরির আপত্তির কারণে ইউক্রেনকে সহায়তা প্রদানের সেই প্রতিশ্রুতি আটকে গেছে। রুশ সংবাদমাধ্যম আরটি-র একটি প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী অংশ ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকে ইউক্রেনকে সহায়তা প্রদানের প্রস্তাব তোলা হয়। এ সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান এতে ভেটো বা আপত্তি জানান।

আপত্তির পক্ষে যুক্তি দিয়ে অরবান বলেন, “বলা হচ্ছে, ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে— সেজন্যই প্রদান করা হচ্ছে এই সহায়তা। এখানেই আমাদের আপত্তি, কারণ হাঙ্গেরি কখনও যুদ্ধ-সংঘাতকে সমর্থন বা প্রশ্রয় দেয় না। হাঙ্গেরির মূল নীতি হলো শান্তি, সংলাপ ও কূটনৈতিক তৎপরতা।”

ইউরোপ মহাদেশের ২৮টি দেশ ইইউ’র সদস্য। ১৯৪৯ সালে গঠিত ইইউ’র সংবিধান অনুযায়ী, কোনো সদস্যরাষ্ট্র যদি জোটের কোনো সিদ্ধান্তে আপত্তি জানায়, তাহলে তা বাস্তবায়ন বা কার্যকর হয় না।

ভিক্টর অর্বান ইউরোপের রাশিয়াপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত। এর আগেও কয়েকবার ইউক্রেনের সামরিক সহায়তার প্রক্রিয়া আটকে দিয়েছেন তিনি। পাশাপাশি বরাবরই তিনি বলে আসছেন যে ইউক্রেনের উচিত যুদ্ধ বন্ধ করে রাশিয়ার সঙ্গে শান্তির সংলাপ শুরু করা।

তবে এবার সফল না ও হতে পারেন অর্বান। কারণ ব্রাসেলসের বৈঠক শেষে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টা সাংবাদিকদের বলেন, “ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরির দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং এই ভিন্নতার কারণে হাঙ্গেরি বিচ্ছিন্ন হচ্ছে। এই ইস্যুতে বর্তমানে জোটের ২৭টি রাষ্ট্র একদিকে এবং হাঙ্গেরি আরেক দিকে।”

তিনি আরও জানান, ইউক্রেনে সহায়তা পাঠাতে ঐকমত্যের জন্য আগামী ২০ মার্চ ফের ব্রাসেলসে বৈঠকে বসবে ইইউ।


এসএস


মন্তব্য করুন