© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে জেলেনস্কিকে কাছে টানছেন ট্রাম্প!

শেয়ার করুন:
অবশেষে জেলেনস্কিকে কাছে টানছেন ট্রাম্প!

ছবি : সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০১:৩৪ পিএম | ০৮ মার্চ, ২০২৫
অবশেষে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তিতে জেলেনস্কিকে যুক্ত করতে যাচ্ছেন ট্রাম্প। ওভাল অফিসে দুই নেতার নাটকীয় উত্তেজনা পাশ কাটিয়ে বৈঠক করতে চলেছেন ওয়াশিংটন ও কিয়েভ প্রতিনিধিরা। সেখানে মস্কোর সঙ্গে শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা হবে। বৈঠকের জন্য হোস্ট হিসেবে এবারও সৌদি আরবকেই বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ ৭ মার্চ এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এসব তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, আগামী সপ্তাহে সৌদিতে বৈঠক করবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। বলেন, ‘রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুতের জন্য আমরা ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মতোই এবারও সৌদিতে হবে কাঙ্ক্ষিত বৈঠকটি।’

যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে উপদেষ্টা মাইক ওয়াল্টজও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিকবার স্পষ্টভাবে বলেছেন- এই যুদ্ধ থামাতে হবে। ওয়াশিংটন সে লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে।

মাইক ওয়াল্টজ বলেন, ‘ওয়াশিংটন এখন একটি শাটল কূটনীতিতে প্রবেশ করতে যাচ্ছে। অর্থাৎ আমরা ইউক্রেন ও রাশিয়ার দুই পক্ষেরই বক্তব্য শুনব। উভয়পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে চুক্তির নথি প্রস্তুত করা হবে।’ এর আগে ইউক্রেনকে বাদ দিয়েই সৌদিতে পুতিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ট্রাম্প প্রতিনিধিরা। এতে বেশ ক্ষিপ্ত হন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রকাশ্যে ওয়াশিংটনের এমন একপাক্ষিক পদক্ষেপের কড়া সমালোচনা করেন তিনি।

জেলেনস্কি হুঁশিয়ার করে বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে করা কোনো শান্তি চুক্তি কিয়েভ মেনে নেবে না। সেসময় ডনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক আয়োজনের দাবিও জানান তিনি। জেলেনস্কির দাবি মেনে নিয়ে তাকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে দুই নেতার নজিরবিহীন বাগ-বিতণ্ডায় পণ্ড হয় সে বৈঠক। এরপরই বিশ্বজুড়ে তীব্র হয় যুক্তরাষ্ট্র-ইউক্রেন কূটনৈতিক সম্পর্কে ফাটলের শঙ্কা।

ওভাল অফিস থেকে বেরিয়ে জেলেনস্কি জানান, এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি। শান্তিপূর্ণ আলোচনার জন্য ট্রাম্পের কাছে ফের বৈঠকের প্রস্তাব করেন তিনি। সৌদিতে দুই পক্ষের সম্ভাব্য বৈঠক সে আশার আলোই দেখাচ্ছে। মাইক ওয়াল্টজ জানান, রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটও আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন।

এফ পি/ এস এন

মন্তব্য করুন