ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠন করতে চান ট্রাম্প
০২:৪০ পিএম | ০৮ মার্চ, ২০২৫
ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ গঠন করতে চান ট্রাম্প! রিজার্ভ গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই একটি নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। সরকারের মালিকানায় এরই মধ্যে বিটকয়েনসহ যেসব ক্রিপ্টোকারেন্সির মজুদ রয়েছে, সেগুলো ব্যবহার করেই এই রিজার্ভ প্রতিষ্ঠা করা হবে বলে জানা গেছে।
নির্বাচনী প্রচারণায় ক্রিপ্টো মুদ্রা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে তিনি বিশ্বের ক্রিপ্টো মুদ্রার রাজধানী গড়বেন বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নেন। ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো অর্থ জরুরি বলেও মনে করেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি। এমনকি নিজের নামেও একটা ক্রিপ্টো মুদ্রা চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, হোয়াইট হাউসে ক্রিপ্টোকারেন্সি নির্বাহীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। এক দিন আগেই ক্রিপ্টোকারেন্সি বিষয়ক নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্পের নির্বাহী আদেশে অর্থ ও বাণিজ্য মন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে যে, তারা এমন ‘বাজেট–নিরপেক্ষ কৌশল’ প্রণয়ন করবেন। যার মাধ্যমে অতিরিক্ত বিটকয়েন সংগ্রহ করা সম্ভব হবে। তবে, এর জন্য করদাতাদের ওপর কোনো অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে না মার্কিন প্রশাসন।
এফ পি/এন এস