© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় ইজি বাইকে মিলল ১৫টি সোনার বার, গ্রেপ্তার ১

শেয়ার করুন:
সাতক্ষীরায় ইজি বাইকে মিলল ১৫টি সোনার বার, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪২ পিএম | ১০ মার্চ, ২০২৫
সাতক্ষীরা সীমান্তে ইজি বাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারকারী মো. সোহেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী আবাদেরহাট এলাকায় বিজিবি এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত পাচারকারী সোহেল উদ্দিন কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক আজ সোমবার সকাল ১১টায় তার নিজ কার্যালয়ে এক প্রেস বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গতকাল রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল সোনার চালান ভারতে পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জরয়ানরা আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। এ সময় একটি সন্দেহভাজন ইজি বাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়।
ইজি বাইকচালক মো. সোহেল উদ্দিন এই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। তাকে গ্রেপ্তার করেছে বিজিবি।

তিনি আরো জানান, জব্দকৃত সোনার ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।
গ্রেপ্তারকৃত পাচারকারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সোহেলউদ্দিনের নাম উল্লেখ করে সোমবার থানায় মামলা করা হয়েছে।

আরএ/টিএ

মন্তব্য করুন