ডাকাতির চেষ্টা, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
ছবি:সংগৃহীত
০৬:৪৭ পিএম | ১০ মার্চ, ২০২৫
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
আটককৃত মাকসুদ মজুমদার কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও মনির হোসেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। উভয়েই নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, রাত ১টার দিতে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল সরকার বাড়ির নীল কান্ত সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মাকসুদ ও মনিরকে আটক করে। দলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘আটক মাকসুদ মজুমদার চুরি-ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুহুল আমিন ঢালী বলেন, ‘ইতোমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদারকে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নিকট সুপারিশ করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে বহিষ্কারাদেশ আসবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোন দুষ্কৃতকারীর স্থান হবে না।’
এসএম/টিএ