© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন:
যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ১০ মার্চ, ২০২৫
যশোরের চৌগাছায় স্বামীর বিরুদ্ধে রোকসানা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সিজার হোসেন (৪৫) পালিয়ে গেছেন।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিজার হোসেন পেশায় নির্মাণশ্রমিক। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শ্রমিকের কাজ করেন। তার দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগম এক সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি সিজার হোসেন বাড়িতে ফেরেন। সোমবার সকালে রোকসানা তাদের জীর্ণ ঘরটি মেরামতের কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সিজার হোসেন বাঁশ দিয়ে রোকসানার মাথা ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সিজার হোসেন পালিয়ে যায়।

ওসি বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সিজার হোসেনকে আটক করতে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এসএম/টিএ

মন্তব্য করুন