ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত
০১:৫৪ পিএম | ১২ মার্চ, ২০২৫
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এরপর মহাসড়কটিতে যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। দুপুর ১২টার দিকে দাবি মেনে নেয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে জান্নাতুল নামে এক নারী শ্রমিক একটি অটো গাড়ির চাপায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এই খবর কারখানায় পৌঁছানোর পরই বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শুরু করেন।
শ্রমিকরা জানান, গতকাল ওই নারী শ্রমিককে কারখানার পরিচয়পত্র রেখে যেতে বলা হয়। আজ সকালে তিনি কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। এরপর রাস্তা পার হওয়ার সময় একটি অটো গাড়ি তাকে চাপা দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পর মারা যান। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এসএন