শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
ছবি:সংগৃহীত
০৫:০৫ পিএম | ১৩ মার্চ, ২০২৫
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের মো. নাঈম হোসেন (২১), মো. সেলিম রেজা (২২) এবং মো. রিফাত রহমান (২১)। তারা তিনজনই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলের দিকে উপজেলার কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে আসেন তিন বন্ধু ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে যাওয়ার সময় শেরুয়া বটতলাস্থ একটি হোটেলের সামনে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়েন।
একপর্যায়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নাঈম নামে একজন মারা যান। আর বাকি দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সেলিম রেজা ও রিফাত রহমান মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তকরণসহ চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
এসএস/এসএন