দাবি আদায়ের নামে কেউ রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি
ছবি:সংগৃহীত
০৮:৩৮ পিএম | ১৩ মার্চ, ২০২৫
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, দাবি আদায়ের নামে কেউ যেন রাস্তা অবরোধ না করেন। সামনে ঈদ, এ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বাহারুল আলম বলেন, "যারা এ ধরনের কার্যক্রমে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জনগণের উদ্দেশ্যে আইজিপি বলেন, আপনারা পুলিশকে সহায়তা করুন, পুলিশের কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন।
আইজিপি সরকারঘোষিত ২০ রমজানের মধ্যে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের ১৫ দিনের আংশিক বেতন পরিশোধ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালিকপক্ষের প্রতি অনুরোধ জানান। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমরা এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনায় আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। ভাঙচুর করে নিজেদের কর্মস্থলের ক্ষতি হতে দেবেন না।
আইজিপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি তাদের অক্লান্ত পরিশ্রম এবং পেশাগত দায়িত্ববোধের জন্য গর্ব অনুভব হয় বলে উল্লেখ করেন। আইজিপি সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রেস বিফ্রিংয়ে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজিএমইএ প্রশাসক, অ্যাডিশনাল আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পুলিশ কমিশনার, জিএমপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত হয়। বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজি মো. ছিবগাত উল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি মহাপরিচালক আশরাফুজ্জামান। সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএস/এসএন