‘বুক মাই শো’ -এ ছাভার নতুন মাইলফলক
ছবি: সংগৃহীত
০৫:০৮ পিএম | ২১ মার্চ, ২০২৫
জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম বুক মাই শো এ ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত চলচ্চিত্র ছাভার টিকিট বিক্রির সংখ্যা ১.২ কোটি ছাড়াল। এটিই ই বুকিং প্ল্যাটফর্মটিতে এখন পর্যন্ত কোনও হিন্দি ছবির গড়া সর্বোচ্চ রেকর্ড।
গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’। এরপর থেকেই একের পর এক বক্স অফিস মাইলফলক ছাড়িয়ে চলেছে সিনেমাটি।
এবার বুক মাই শো এ ১২ মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হওয়ায় স্ত্রী ২ এর রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে ছাভা। বহু দর্শক একাধিকবার দেখেছেন এই সিনেমা। বুক মাই শো এর শীর্ষ বুকিং অঞ্চলগুলো হলো, মুম্বই, পুনে, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, নাগপুর, নাসিক, আহমেদাবাদ ও কলকাতা।
ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন।
ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা।
অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা।
দর্শকের মতে ছবির ইমোশনাল গভীরতা, চিত্রগ্রহণ, এবং চমকপ্রদ গল্প বলার ধরণ এই ছবিকে আলাদা করে তুলেছে!
এবার দেখার পালা, ছাভা কি বিশ্বব্যাপী ১০০০ কোটি আয়ের মাইলফলক গড়তে পারবে ?
এসএম/টিএ