কীর্তনখোলার তীরে মিলল মেয়ে নবজাতক
ছবি: সংগৃহীত
০৭:৩৯ এএম | ২৪ মার্চ, ২০২৫
বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে চার দিন বয়সী এক মেয়ে নবজাতক উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নবজাতকের শরীরে প্রতিবন্ধী উপসর্গ থাকায় মা-বাবা ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে শিশুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
গতকাল রোববার (২৩ মার্চ) রাতে উদ্ধারকারী যুবক রুহুল আমিন বলেন, শনিবার (২০ মার্চ) রাতে কীর্তনখোলার তীর-সংলগ্ন ত্রিশ গোডাউন এলাকায় তোয়ালে মোড়ানো নবজাতককে দেখতে পাই। শিশুটির সঙ্গে দুধ ভর্তি ফিডার ও একটি ব্যাগে কিছু কাঁথা পাই। আমি শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়েছি।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, শিশুর মাথার পেছনের অংশে একটি টিউমার রয়েছে। পিঠ ও পায়ের গঠন দেখে তাদের ধারণা, বড় হলে সে শারীরিক প্রতিবন্ধী হতে পারে।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, মা-বাবার ফেলে দেওয়া শিশুটি বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা যে শারীরিক ত্রুটির কথা বলেছেন তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব বলে মত দিয়েছেন। কিন্তু তাতে অনেক টাকার দরকার। সমাজসেবা ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তার সক্ষমতা রাখে। কিন্তু শিশুটির অস্ত্রোপচারে আরও অর্থ লাগবে। সে অর্থের জোগান কোথা থেকে আসবে, তা নিয়ে চিন্তিত।
তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন এক মাসের মধ্যে টিউমারটি অপসারণ করা জরুরি। কিছুটা সুস্থ হলে বরিশাল মেডিকেল থেকে ছাড়পত্র দিলে অস্ত্রোপচারের জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হবে। সম্পূর্ণ সুস্থ হলে শিশু সদনে হস্তান্তর করা যাবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করছি নবজাতকের স্বজনরা সেখানে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরএ