© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে ফলে রাসায়নিক ঠেকাতে হাইকোর্টের নির্দেশ

শেয়ার করুন:
সারাদেশে ফলে রাসায়নিক ঠেকাতে হাইকোর্টের নির্দেশ
central-desk
০৩:৫৫ পিএম | ২০ মে, ২০১৯

কেবল রাজশাহীর আম বাগানে নয়, সারাদেশের ফল বাজার ও আড়তগুলোয় রাসায়নিকের ব্যবহার ঠেকাতে সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

পুলিশের মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের কেমিকেল টেস্টিং উইংয়ের পরিচালককে আগামী ১৮ জুন এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল বাশার রাষ্ট্রপক্ষের হয়ে শুনানীতে অংশ নেন।

পরে মনিজল মোরসেদ বলেন, ফলে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধ ও ফল সংরক্ষণের জন্য এটি বন্ধে একটি রিট পিটিশন করেছিলাম, ২০১২ সালে সেটির রায় হয়। তারপর থেকে মামলাটি চলমান আছে।

সর্বশেষ কিছুদিন আগে আমরা আবেদন করেছিলাম যে, এখন যেহেতু আমের মৌসুম তাই কেউ যেন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আম না পাকাতে পারে।

সে প্রেক্ষিতেই আদালত দুটি আদেশ দিয়েছিলেন। এর মধ্যে নির্দেশ ছিল পুলিশ প্রধান, বিএসটিআই’র ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআই’র কেমিকেল টেস্টিং উইংয়ের পরিচালকের জন্য। তারা রাজধানীসহ সারাদেশের ফলের বাজার ও আড়ত নজরদারীতে কমিটি করে তা পর্যবেক্ষণ করবেন। যাতে রাসায়নিক ব্যবহার করে ফল রক্ষণাবেক্ষণ বা তা পাকাতে না পারে।

তিনি আরো বলেন, এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তাদের নির্দেশ দিয়ে আজ মামলাটির তারিখ রেখেছিলেন আদালত।কিন্তু তারা কোনো প্রতিবেদন না দেওয়ায় বিষয়টি আদালতের গোচরে এনে বলেছি, এটি না করা হলে রাজশাহীর আম বাগানগুলোতে রাসায়নিক ব্যবহার না করলেও সারাদেশের বাজারের আমে রাসায়নিক মেশানো হবে। এতে করে ভোক্তা কোনো প্রকার সুফল পাবে না। সে প্রেক্ষিতে আদালতের কাছে আবেদন জানালাম আদেশটা যেন কার্যকর করা হয়। পরে আদালত আজ এ আদেশ দিয়েছেন|

 

টাইমস/এমএস

মন্তব্য করুন