© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন:
খুলনায় হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড
own-reporter-khulna
১১:২১ এএম | ২২ মে, ২০১৯

খুলনার দিঘলিয়া উপজেলার ভ্যান চালক রমজান আলী হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দণ্ডিতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বুশরা সাইয়দা ওই রায় প্রদান করেন।

দণ্ডিতরা হলেন- দিঘলিয়ার গোয়ালপাড়ার চন্নু মিয়ার ছেলে মো. রাজু (২৪) ও সেকেন্দার আলীর ছেলে ইব্রাহিম তালুকদার (২৩)। রায় প্রদানের সময় রাজু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি ইব্রাহিম পলাতক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমন্ত কুমার সরকার মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, গোয়ালপাড়ার ইনতাজ শেখের ছেলে রমজান আলী (১৫) ভাড়ায় ভ্যান চালাতেন। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর বিকালে রাজু ও ইব্রাহিম তালুকদার তাকে ভ্যানসহ ভাড়ায় ঠিক করে দিঘলিয়া থেকে খুলনা মহানগরীর দৌলতপুরে নিয়ে যান। এরপর তাকে আড়ংঘাটা থানাধীন লতা বাইপাস ব্রিজ এলাকায় নিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন। এ ঘটনার আট দিন পর ২৩ ডিসেম্বর আড়ংঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই রাজীব শেখ বাদী হয়ে সন্দেহভাজন রাজু ও ইব্রাহিমের বিরুদ্ধে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল বাসার ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজু ও ইব্রাহিমের নামে অভিযোগপত্র দেন। আদালত বিভিন্ন কার্যদিবসে মামলার চার্জশিটভুক্ত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন