ভিসা সহজীকরণসহ থাইল্যান্ডকে যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
০৫:৫৩ এএম | ০৫ এপ্রিল, ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ইউনূস থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ঢাকার থাই দূতাবাসের ভিসা প্রদানের ক্ষমতা সীমিত হওয়ায় বাংলাদেশের নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, বিশেষ করে চিকিৎসা জন্য থাইল্যান্ডে আসা বাংলাদেশিরা এ সমস্যার সম্মুখীন হন। থাই প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এছাড়া, দ্বিপাক্ষিক বৈঠকে, ড. ইউনূস বাংলাদেশের থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য, নৌ-পরিবহন, সামুদ্রিক সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণের আহ্বান জানান। তিনি চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করার গুরুত্বও তুলে ধরেন, যা দুই দেশের ভ্রমণ সময় কমিয়ে আনবে।
থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ড. ইউনূসকে বিমসটেকের সভাপতিত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বলেন, ড. ইউনূস আঞ্চলিক সম্পর্কের নতুন গতিশীলতা আনবেন।
ড. ইউনূস থাই কোম্পানিগুলোকে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান এবং দুই দেশের মধ্যে যোগাযোগের উন্নতির পাশাপাশি, বাংলাদেশ থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য যৌথ সম্ভাব্যতা যাচাই শুরুর প্রস্তাবও দেন।
এসএস