© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন

শেয়ার করুন:
নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন
own-reporter
০৯:১০ এএম | ২৪ মে, ২০১৯

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে ভারতে সরকার গঠন করতে যাওয়া নরেন্দ্র মোদিকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এক প্রতিক্রিয়ায় দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এ অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘ভারতের সাধারণ নির্বাচনে জয়ের জন্য আমরা নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি।’

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘ভারতীয়রা ভাগ্যবান কারণ তাদের কার্যকর গণতন্ত্র রয়েছে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়। যা আমাদের বাংলাদেশে অনুপস্থিত।’

প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, ‘ভারতের জন্য বাংলাদেশ ও বিএনপি সবসময় বন্ধু ছিল। শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য আমাদের প্রতিবেশীকে সহযোগিতা করবো।’

বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, পানিবণ্টন বা সীমান্ত হত্যার মতো বিতর্কিত বিষয়গুলো দ্বিপক্ষীয় আলোচনা ও উভয় দেশের মধ্যে উপযুক্ত সমঝোতার মাধ্যমে সমাধান সম্ভব।

তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে, বাংলাদেশে ক্ষমতায় থাকা দলটি এই ইস্যুগুলো প্রায় এক দশকেও সমাধান করেনি।’

অপর একটি সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জেষ্ঠ্যনেতারা সংবাদ সম্মেলন করে ভারতের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন