গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০১:৪২ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের কবর রচনা করেছিল। ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। নির্বাচনের পূর্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ক্ষমতায় এসে ভুলে গেছে।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার এক বার্তায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের কোনো সাময়িক প্রক্রিয়া নয়, বরং মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।
জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ দিয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, এই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে জাতির প্রত্যাশা বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে। গণতন্ত্র দিবসের এই বিশেষ দিনে গণতন্ত্রকে সুসংহত এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াত দেশবাসীর কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করছে। জামায়াত দেশে সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিকে আর কোনোভাবেই গুম, খুন ও ক্রসফায়ারের মতো অভিশাপের দিকে ঠেলে দেওয়া যাবে না।
শিক্ষার্থীদের চেক দিলেন জামায়াত আমির
এদিন বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর করেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতায় জাতি কাঙ্খিত পর্যায়ে যেতে পারেনি।
এতে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, এখন স্কুলে লেখাপড়া হয় না বলে ঘরে ঘরে দৌড়াদৌড়ি করে লেখাপড়া করতে হয়। এটি সুস্থ সমাজের পরিচায়ক নয়। রাষ্ট্রকে শিক্ষার্থীদের মেধাবিকাশের পূর্ণ দায়িত্ব নিতে হবে।
আরআই/টিএ