তল্লাশি দায়িত্বে অবহেলা, দুই এএসআইকে অব্যাহতি
ছবি: সংগৃহীত
০৩:৫৬ এএম | ১৪ এপ্রিল, ২০২৫
সাভারের চলন্ত বাসে ছিনতাই ঠেকাতে গঠিত তল্লাশি অভিযানে দায়িত্বে গাফিলতির অভিযোগে সাভার মডেল থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
ক্লোজড হওয়া দুই এএসআইয়ের নাম—আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন।
জানা যায়, সম্প্রতি সাভারে একাধিকবার চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে তল্লাশির জন্য চেক পোস্ট বসানো হয়। আজ দুপুরে সেই তল্লাশির দায়িত্বে ছিলেন আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন। কিন্তু তারা বাসে তল্লাশি না করে সড়কের পাশে বসে ছিলেন। পরে তাদের দায়িত্ব অবহেলার অভিযোগে ক্লোজড করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির গণমাধ্যমকে বলেন, তারা বাসে তল্লাশি না করে সড়কে বসে ছিলেন। তাদের দায়িত্বে অবহেলা কারণে ক্লোজড করা হয়েছে।
আরএ