© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক

শেয়ার করুন:
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ এএম | ১৯ এপ্রিল, ২০২৫

<div>সুন্দরবনের পশ্চিমাঞ্চলে সশস্ত্র বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে য...

সুন্দরবনের পশ্চিমাঞ্চলে সশস্ত্র বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে যৌথ অভিযান চালিয়ে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। অভিযানে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পশ্চিম সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস এলাকার ভেতরে অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি এবং ছয়টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

আটক আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনায় অভিযান চালিয়ে বাহিনীর আরও এক সদস্য রেজাউল গাজী বাবুকেও আটক করে যৌথ বাহিনী।

ঘটনার বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (১৮ এপ্রিল) রাতে গণমাধ্যমকে জানান, আটক দুই বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ বহনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, করিম শরীফ বাহিনী সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে দস্যুতা, জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচনায় আসে।



মন্তব্য করুন