আবারও ‘রাম’ হয়ে ফিরছেন রণবীর, আসছে রামায়ণের দ্বিতীয় অধ্যায়
ছবি : সংগৃহীত
০১:৪১ এএম | ২০ এপ্রিল, ২০২৫
সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করেই পৌরাণিক চরিত্রে আবারও ফিরছেন রণবীর কাপুর। বহুল প্রতীক্ষিত রামায়ণ: পার্ট টু ছবির শুটিং শুরু হবে আগামী বছরের মে মাসে।
পরিচালক নিতেশ তিওয়ারির হাত ধরে নির্মিতব্য এই পর্বটি হবে আগের চেয়েও বেশি আবেগঘন, নাটকীয় এবং দর্শনমূলক। দ্বিতীয় ভাগে থাকবে রামায়ণের অন্যতম আবেগপূর্ণ অধ্যায় — অশোকবন ও রাবণ-বধ।
সিনেমায় রাম চরিত্রে রণবীর কাপুর যেমন থাকছেন, তেমনি সীতা চরিত্রে থাকছেন সাই পল্লবী। বিশেষ করে অশোকবনের দৃশ্যে সীতার যন্ত্রণার প্রকাশ হবে এই পর্বের অন্যতম কেন্দ্রবিন্দু। জানা গেছে, বর্ষা মৌসুম শুরুর আগেই দুটি গানের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। আর পুরো ছবির শুটিং শেষ করতে চাওয়া হচ্ছে অক্টোবর ২০২৫-এর মধ্যে।
এই মুহূর্তে রণবীর ব্যস্ত রয়েছেন বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির কাজ নিয়ে। এই ছবিতে তাঁর চরিত্র একেবারেই আলাদা, তাই রামের অবতারে ফিরতে হচ্ছে একেবারে নতুনভাবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই সম্প্রতি মুম্বাইয়ের ফিল্ম সিটিতে হয়েছে তাঁর কস্টিউম ও লুক টেস্ট।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘‘বনসালির ছবির জন্য রণবীরের লুকে বড় পরিবর্তন এসেছে। তাই রামের চরিত্রে তাঁর রূপ ঠিকভাবে ফুটে উঠছে কিনা, তা দেখতে লুক টেস্ট করা হয়েছে।’’
রণবীর এখন একসঙ্গে দুই বিপরীতধর্মী ছবিতে অভিনয় করছেন — প্রেম ও যুদ্ধের গল্প ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ধর্মীয় ও নৈতিক দ্বন্দ্বে ভরা ‘রামায়ণ’। এই দুটি ছবি তাঁর অভিনয়গুণের বহুমাত্রিকতা তুলে ধরছে — যেখানে প্রেম থেকে যুদ্ধ, এবং পৌরাণিক নায়ক থেকে মানবিক চরিত্রে তিনি দক্ষতার ছাপ রাখছেন।
‘রামায়ণ: পার্ট ওয়ান’ যেখানে সিনেমাটিক ভিত্তি গড়েছিল, ‘পার্ট টু’ দর্শককে নিয়ে যাবে আরও গভীরে — রামের আত্মত্যাগ, আবেগ ও নৈতিক সংকটের এক বিস্তৃত জগতে। যুদ্ধের ময়দান থেকে নির্বাসনের অরণ্যে — রণবীর কাপুর যেন প্রস্তুত, আরও পরিণত ‘রাম’ হয়ে পর্দায় ফিরতে।
আরএ