© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৮ বছর পর ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ দিয়ে কাশ্মীরে হিন্দি ছবির প্রিমিয়ার!

শেয়ার করুন:
৩৮ বছর পর ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ দিয়ে কাশ্মীরে হিন্দি ছবির প্রিমিয়ার!

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ এএম | ২০ এপ্রিল, ২০২৫
ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’। জম্মু-কাশ্মীরের উত্তাল রাজনৈতিক বাস্তবতায় ৩৮ বছর পর প্রথমবারের মতো কোনও হিন্দি ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হলো উপত্যকার শ্রীনগরে।

১৮ এপ্রিল শ্রীনগরের আইনক্স সিনেমা হলে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিএসএফ সদস্য, জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা। প্রিমিয়ারকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ও উচ্ছ্বাস। এই উদ্যোগ শুধু একটি চলচ্চিত্র প্রদর্শন নয়, বরং ইতিহাস গঠনের এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন অনেকে।

‘গ্রাউন্ড জিরো’ নির্মিত হয়েছে এক সত্যিকারের বীরের গল্প নিয়ে। বিএসএফ অফিসার নরেন্দ্রনাথ ধর দুবের জীবন ও তাঁর বীরত্বপূর্ণ অভিযানের ওপর ভিত্তি করে ছবিটির চিত্রনাট্য তৈরি। যিনি ২০০১ সালের সংসদ হামলা এবং ২০০২ সালের গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনার সঙ্গে যুক্ত এক শীর্ষ জঙ্গিকে ধরার অভিযানে নেতৃত্ব দেন। তাঁর এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ২০০৫ সালে ‘কীর্তি চক্র’ পুরস্কারে ভূষিত করা হয়।

ছবিতে নরেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে একেবারেই ভিন্ন এক রূপে দেখা যাবে তাঁকে। নিজের চেনা ইমেজ থেকে বেরিয়ে এবার সেনাবাহিনীর পোশাকে দৃঢ়, সংবেদনশীল ও দায়িত্বশীল এক চরিত্রে হাজির হয়েছেন তিনি। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাঁই তামহানকর।

ছবিটি পরিচালনা করেছেন তেজস দেওস্কর, আর প্রযোজনায় আছেন ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি। ‘গ্রাউন্ড জিরো’ মুক্তি পেতে যাচ্ছে ২৫ এপ্রিল, এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে।

প্রিমিয়ারের দিন ইমরান হাশমি বলেন, “এটা শুধু একটি ছবির প্রদর্শনী নয়, বরং প্রতীকী এক মুহূর্ত। ৩৮ বছর পর কাশ্মীরে হিন্দি ছবির প্রিমিয়ার – এ যেন ইতিহাসের অংশ হয়ে ওঠার সুযোগ।”

একটি সাহসী গল্প, একটি ঐতিহাসিক স্থান এবং এক নতুন পথচলার শুরু—‘গ্রাউন্ড জিরো’ কেবল সিনেমা নয়, এক আবেগময় অভিজ্ঞতা।

আরএ

মন্তব্য করুন