© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কূটনীতিকদের সঙ্গে ওবায়দুল কাদেরের ঈদ শুভেচ্ছা বিনিময়

শেয়ার করুন:
কূটনীতিকদের সঙ্গে ওবায়দুল কাদেরের ঈদ শুভেচ্ছা বিনিময়
central-desk
০৯:২৮ পিএম | ০৫ জুন, ২০১৯

কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তিনি কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা জানান।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুটি পর্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রথমে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এবং দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সাধারণত প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। ওবায়দুল কাদের শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এই শুভেচ্ছা বিনিময়ে মুসলিম দেশগুলোর প্রায় সব মিশনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের স্বাগত জানান ওবায়দুল কাদের।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, সকাল থেকেই অঝোর বৃষ্টি হচ্ছে। তারপরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মুসলিম বিশ্বসহ ইউরোপ-আমেরিকা, আমাদের প্রতিবেশী দেশ ভারতসহ প্রায় সব দেশের কূটনীতিক এসেছিলেন। আমরা আমাদের নেত্রীর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছি। পার্টির নবনির্মিত কার্যালয়ে তাদের স্বাগত জানিয়েছি।

শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন