খুলনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
খুলনার দীঘলিয়া উপজেলায় হালিমা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুর ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি খুলনার ক্রিসেন্ট জুট মিলের বদলি শ্রমিক ছিলেন। তিনি দীঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের বাসিন্দা।
এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট কাজী আবু শাহিন আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রজব আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী আবু শাহিন জানান, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর উপজেলার চন্দনীমহল গ্রামের রফিকুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়িতে যান। সেখানে গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান। হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় নিহত হালিমা বেগমের স্বামী মো. জিন্নাত আলী শেখ বাদী হয়ে ওইদিন দীঘলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই শেখ লুৎফর রহমান তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।
টাইমস/এইচইউ