আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ আর নেই
ছবি: সংগৃহীত
০৬:৫৯ পিএম | ০৫ মে, ২০২৫
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ইন্তেকাল করেছেন।
সোমবার (৫ মে) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পুত্র পরশ রহমান রাফসানজানী (পরশ হাওলাদার) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ খবর নিশ্চিত করেন।
পরশ লেখেন, “আমার পিতা, আপনাদের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ আমাদের মাঝে নেই। তিনি না-ফেরার দেশে চলে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”
হাবিবুর রহমান সিরাজ ছিলেন জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৬৯ সালে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। পরে ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
একজন কর্মীবান্ধব নেতা ও প্রবীণ সংগঠক হিসেবে দলের ভেতর ও বাইরে তার ভূমিকা ছিল প্রশংসিত।
এসএস/টিএ