নোয়াখালীতে প্রতিপক্ষের গুলিতে যুবলীগ কর্মী নিহত
নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের আরিফ হাজির পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার পৌর হাজিপুর দক্ষিণ বাজার এলাকার কামাল চৌধুরীর ছেলে। সে স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বেগমগঞ্জ উপজেলার হাজিপুরে স্থানীয় যুবলীগের সম্রাট গ্রুপ ও সুমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সম্রাট গ্রুপের কর্মীদের গুলিতে সুমন গ্রুপ সমর্থিত যুবলীগ কর্মী শাহাদাত হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, গোলাগুলির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
টাইমস/এইচইউ