গ্ল্যামার ছাড়িয়ে সাবেকি সাজে তারা সুতারিয়া
ছবি : সংগৃহীত
০১:৫৪ পিএম | ১১ মে, ২০২৫
ঢেউ খেলানো কিংবা কোঁকড়ানো নয়—এবার লম্বা চুল কাটিয়ে একেবারে ঘাড়ছোঁয়া বব কাটে চুল ছোট করলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। ফ্যাশনের দুনিয়ায় বরাবরই নিজের আলাদা অবস্থান গড়ার চেষ্টায় থাকা এই অভিনেত্রী এবার হাজির হয়েছেন একেবারে নতুন লুকে। পিঠ পর্যন্ত লম্বা চুলে অভ্যস্ত ভক্তরা তাঁর এই নতুন রূপ দেখে চমকে গেছেন। অনেকে বলছেন, চোখেমুখে যেন এখন ‘বস লেডি’র আত্মবিশ্বাস।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় ধরা পড়েন তারকা। পুরো কালো রঙের সাজে—কালো টপ, ব্লেজার, প্যান্ট, সানগ্লাস, ব্যাগ এবং জুতা। আর সঙ্গে সিঁথি করা সোজা বব ছাঁট চুলে তাঁর নতুন স্টাইল নজর কেড়েছে সকলের।
তারা সুতারিয়া এখনো অভিনয়ে বড় জায়গা করে নিতে না পারলেও, ফ্যাশন জগতে তার অবস্থান ক্রমেই দৃঢ় হচ্ছে। ল্যাকমে ফ্যাশন উইকের মতো আন্তর্জাতিক ফ্যাশন আসরে নিয়মিত অংশ নিয়েছেন তিনি। ডিজাইনারদের পাশাপাশি সাধারণ তরুণ-তরুণীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছেন তাঁর সাজগোজের ধরন।
সাজের ক্ষেত্রে তারার মূলমন্ত্র—সহজতা। আধুনিক ট্রেন্ডের বদলে তিনি অনুপ্রাণিত হন পঞ্চাশ ও ষাটের দশকের ফ্যাশন থেকে। তাঁর মতে, সেই সময়ের স্টাইল আজও প্রাসঙ্গিক এবং আভিজাত্যে পরিপূর্ণ। বাহুল্য বর্জিত সাজেই নাকি থাকে প্রকৃত স্বাচ্ছন্দ্য।
এই গ্রীষ্মে আপনি যদি একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চান, তবে তারার মতো হালকা সাজ, ছোট চুল আর সহজ ফ্যাশন বেছে নিতে পারেন অনায়াসেই।
আরএ/এসএন