© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ

শেয়ার করুন:
৮৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ
own-reporter
০৪:৩৭ পিএম | ২৭ জুন, ২০১৯

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ৮৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে আইনমন্ত্রীর চিঠি পাওয়ার পর সুপ্রিম কোর্টে আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল। সেখানেই তিনি তাদের পদত্যাগ করতে বলেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।

এই ৮৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করতে বলার  কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

সাংবাদিকদের তিনি শুধু বলেন, ‘পদত্যাগপত্র গৃহীত হওয়া না পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন।’

আইনমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন সময়ে পুরনো আইন কর্মকর্তাদের অনেকের বিষয়ে যে সরকার সন্তষ্ট নয় সেই মনোভাব প্রকাশ করেছেন।

বুধবারই তিনি ২০১৭ সালের আগে নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ করতে চিঠি দেয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য। রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন মন্ত্রণালয় এই নিয়োগ বা নিয়োগ বাতিলের বিষয়টি দেখভাল করে। ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো মেয়াদ থাকে না।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন