১৫ বছর আগের হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র কর ১৫ বছর আগে সংঘটিত একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। কারাদণ্ড ছাড়াও আসামিদের পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কটিয়াদী উপজেলার পাঁচগাঁথিয়া গ্রামের আলিমুদ্দীন ও তার স্ত্রী নূরজাহান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামি আলিমুদ্দীন ও তার চাচাতো ভাই নূরুজ্জামানের পরিবারের মধ্যে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধ ছিল। এসব নিয়ে আলিমুদ্দীন আদালতে মামলাও করেছিলেন।
২০০৪ সালের ৮ আগস্ট দুপুরে নূরুজ্জামানের ছেলে আবদুল মান্নান (২৫) তাদের বাড়ির সীমানায় একটি চাউগাছ কাটতে গেলে আলিমুদ্দীন ও তার স্ত্রী নূরজাহান দা আর বল্লম নিয়ে হামলা চালান। এসব ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মান্নান। ওই দিন নিহতের মা ফাতেমা খাতুন বাদী হয়ে তার দেবর আলিমুদ্দিন ও আলিমুদ্দিনের স্ত্রী নূরজাহানকে আসামি করে কটিয়াদী থানায় হত্যা মামলা করেন। পরে ওই বছরের ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার এ মামলার রায় ঘোষিত হলো।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) যজ্ঞেশ্বর রায় চৌধুরী। আসামি পক্ষে ছিলেন আইনজীবী অশোক সরকার।
টাইমস/এসআই