© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়াসার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মল

শেয়ার করুন:
ওয়াসার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মল
own-reporter
১০:১৪ পিএম | ০৩ জুলাই, ২০১৯

ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি জোন এবং সায়েদাবাদ ও চাঁদনিঘাট এলাকা থেকে সংগৃহীত আটটি নমুনাতে পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি।

ব্যাকটেরিয়া ছাড়াও এসব এলাকার পানিতে উচ্চমাত্রার অ্যামোনিয়া পাওয়া গেছে। এছাড়া কিছু কিছু নমুনাতে মলের অস্তিত্ব পাওয়া গেছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আগামী রোববার এই প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হবে।

বুধবার এই প্রতিবেদন জমা দেয়া হয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

তিনি বলেন, ‘আদালতের আদেশে গঠিত কমিটি ওয়াসার পানি পরীক্ষা করে বুধবার একটি প্রতিবেদন জমা দিয়েছে। আগামী রবিবার (৭ জুলাই) এই প্রতিবেদন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে। ’

গত ২১ মে এক আদেশে ঢাকা ওয়াসার পানির উৎস, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় ৩৪টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে তা আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাবি অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে আটটি নমুনাতে দূষণ পাওয়া যায়।

২০১৮ সালের ৬ নভেম্বর হাইকোর্টের এক আদেশে ঢাকা ওয়াসার পানি পরীক্ষার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির নামের তালিকা গত ১৮ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠায় মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় আদালত গত ২১ মে পানি পরীক্ষার নির্দেশ দেন। বুধবার সেই কমিটির তৈরি অনুসন্ধান প্রতিবেদন অ্যাটর্নি কার্যালয়ে জমা দেয়া হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন