© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ওপরে, শেরপুরে বন্যার আশঙ্কা

শেয়ার করুন:
চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ওপরে, শেরপুরে বন্যার আশঙ্কা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ এএম | ২০ মে, ২০২৫
বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে নালিতাবাড়ীতে চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (পুর) মো. আখিনুজ্জামান জেলার নদ-নদীগুলোর পানিবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৯ মে) রাত ১২টার দিকে তিনি জানান, ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে রাত ১০টার দিকে শেরপুরে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।ভোগাই নদীর পানিও বাড়ছে,
তবে সেটা এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

এদিকে নদ-নদীগুলোর পানি বাড়ার ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও জেলায় বন্যার সতর্কতা জারি করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে, ২০ মে পর্যন্ত নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।যার প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, যেসব এলাকায় ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে উঁচু জায়গায় সংরক্ষণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, বৃষ্টি বেশি হওয়ায় পানি কিছুটা বেড়েছে।

তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

এফপি/ টিএ


মন্তব্য করুন