নাটোরে আম পাকাতে কেমিক্যাল, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৫:৫৪ এএম | ২১ মে, ২০২৫
নাটোরের বড়াইগ্রামে আমে কেমিক্যাল মিশিয়ে পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ মে) দুপুরে আহম্মেদপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
বিষয়টি নিশ্চিত করে মো. নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং এর অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে আজ অভিযান চালানো হয়। এসময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ক আমে ইথোফেন নামের ক্যামিকেল মেশানোর সময় হাতেনাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা অনুযায়ী আড়তের মালিক শাজাহান আলি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানে জেলা আনসারের ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
আরএ