আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের
ছবি : সংগৃহীত
০২:০৮ পিএম | ২২ মে, ২০২৫
বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক বলেন, আন্দোলনকারী ভাইদের বলব, এসব মুলা দিয়ে গাধা বস করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলছে লড়াই চলবে।
রাস্তা তো ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
তবে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী।
এসএম/টিএ