© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এরশাদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির আশায় চিকিৎসকরা

শেয়ার করুন:
এরশাদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির আশায় চিকিৎসকরা
own-reporter
০৭:২৯ পিএম | ১০ জুলাই, ২০১৯

সিএমএইচের চিকিৎসকরা সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির আশা করছেন বলে জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, গত ৩ থেকে ৪ দিন পর্যন্ত এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। এভাবে ৭ থেকে ৮ দিন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ডাকা হলে এরশাদ চোখ মেলতে চেষ্টা করেছেন। তবে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এরশাদ সাহেবের রক্তচাপ এবং অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে, ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে তার রক্তের বর্জ্য বের করা হচ্ছে এবং হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন