'আমার শরীর আমার পছন্দ',পাপারাজ্জিদের ছবি তোলা নিয়ে অসন্তুষ্ট মালাইকা
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ২৬ মে, ২০২৫
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ট্রোলের শিকার হন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। বিশেষ করে জিমে যাওয়ার সময় তার ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে যখন তা অনলাইনে প্রকাশ পায়, তখন শুরু হয় সমালোচনার ঝড়। তার পোশাক, হাঁটাচলা এমনকি শরীরীভাষা নিয়েও চলে নানা কটাক্ষ।
সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের একটি টক শোতে অতিথি হয়ে এসে এসব বিষয়ে নিজের অভিমত জানান মালাইকা। সেখানে তিনি সরাসরি পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, "আমি কাউকে বকা দিই না, যদি না সে আমাকে ধাক্কা দেয়। তবে যেটা আমাকে সত্যিই বিরক্ত করে, তা হলো—তোমরা ছবি তোলে, ঠিক আছে, কিন্তু কেন শুধু বুক আর নিতম্বের দিকেই ক্যামেরা রাখো? আমার পুরো শরীর আছে, মানুষ হিসেবে আমাকে দেখো। আমি আমার শরীরকে ভালোবাসি, কিন্তু দৃষ্টিভঙ্গিটা সমস্যার।"
পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও জবাব দিয়েছেন তিনি। মালাইকা বলেন, "অনেকে বলবে, শরীর দেখাতে না চাইলে পোশাক ঢেকে পরো। কিন্তু কেন? আমি যা খুশি পরব, এটা আমার ব্যক্তিগত পছন্দ। আপনার সমস্যা হলে সেটা আপনার, আমার নয়।"
শুধু ক্যামেরার দৃষ্টি নিয়েই নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ট্রোলিংয়ের শিকার হন মালাইকা। ডিভোর্স বা সম্পর্ক নিয়ে যারা অযথা সমালোচনা করেন, তাদের বিরুদ্ধেও কড়া ভাষায় কথা বলেন তিনি।
মালাইকার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার স্পষ্টতা ও আত্মবিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন।
এমআর/টিএ