© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাম্য হত্যা মামলায় একজনের দায় স্বীকার, রিমান্ডে তিনজন

শেয়ার করুন:
সাম্য হত্যা মামলায় একজনের দায় স্বীকার, রিমান্ডে তিনজন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ২৬ মে, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে করা মামলায় মো. রিপন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্যদিকে আদালত সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর এবং সুজন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় রিপন স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া সুজন সরকারকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে রবিবার তাদের রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত।

পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।


এমআর/টিএ


মন্তব্য করুন