ফের ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান না ঘটে, সে লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে দেশব্যাপী নৈরাজ্য ও অপচেষ্টা রুখে দিতে বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন আহমদ বলেন, যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, তাদের ক্ষমা নেই। প্রত্যেকের বিচার হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনো দিন রাজনীতি করতে দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানানো হলেও কেউ কেউ রাজপথে লং মার্চের কর্মসূচি বেছে নিয়েছে। সরকারের মাত্র ছয় মাসের মধ্যে এমন আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।জনগণের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আশ্বাস দেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতে মূল্য কমানো হবে।
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এমআর/এসএন