© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোববার ৫ উপদেষ্টাকে স্মারকলিপি দেবে সচিবালয় কর্মীরা

শেয়ার করুন:
রোববার ৫ উপদেষ্টাকে স্মারকলিপি দেবে সচিবালয় কর্মীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ২৯ মে, ২০২৫
আগামী ১ ও ২ জুন (রোববার ও সোমবার) অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। একই সময়ে দেশের সব সরকারি অফিসের দপ্তরপ্রধান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছেও স্মারকলিপি দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালবেলায় পূর্বঘোষিত এক ঘণ্টার কর্মবিরতি শেষে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন ফোরামের নেতারা।

এছাড়া পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। সকাল ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা।

এর আগে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে গতকাল বুধবার ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। একই সঙ্গে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম।

দাবি পূরণ না হলে ৩১ মের পর থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে গতকাল জানান ঐক্য ফোরামের নেতারা। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এর পর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা।

আরএ/টিএ

মন্তব্য করুন