© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বৈত চরিত্রে তটিনী, আইটেম গানে ফিরলেন টয়া

শেয়ার করুন:
দ্বৈত চরিত্রে তটিনী, আইটেম গানে ফিরলেন টয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ পিএম | ২৯ মে, ২০২৫
তটিনী শব্দের অর্থ নদী, আর এই নাম যেন একেবারে মানিয়ে গেছে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে। অভিনয়ের ধারায় তিনিও যেন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছেন নদীর মতোই। সময়ের অন্যতম ব্যস্ত নাট্যশিল্পী হিসেবে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন তিনি। তার প্রমাণ মিলেছে এবারের ঈদেও।

‘মন বদল’ নামে একটি বিশেষ নাটকে হাজির হচ্ছেন তটিনী, যেখানে যমজ দুই বোন জারা ও সারার চরিত্রে একাই অভিনয় করেছেন তিনি। দুই ভিন্ন স্বভাবের বোনের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটক।

সিএমভি’র ব্যানারে বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। এতে যমজ বোনের বিপরীতে তরুণ চিকিৎসক আদিল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। যার সঙ্গে জারার বোন সারার বিয়ে চূড়ান্ত।

সদ্য শুটিং শেষ হওয়া ‘মন বদল’ সম্পর্কে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি পারিবারিক ক্লাইমেক্সের গল্প। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটা এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্পটা প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। থাকছে আইটেম গানের বিশেষ চমকও!’

নির্মাতা-প্রযোজক পক্ষ জানায়, এতে যমজ বোনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তটিনী। বিশেষ চমক হিসেবে থাকছেন মুমতাহিনা টয়া। যাকে পাওয়া যাবে আইটেম গানের সঙ্গে জমকালো নাচের আয়োজনে।

‘মন বদল’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বরাবরের মতো এবারের ঈদেও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে দেশের সেরা নির্মাতা ও অভিনেতাদের নিয়ে এক ডজন বিশেষ নাটক ও টেলিছবি।

‘মন বদল’ সেই তালিকারই অন্যতম সংযোজন। চাঁদরাত থেকে এই নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আরএ/টিএ

মন্তব্য করুন