© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাইপণ্য জব্দ

শেয়ার করুন:
সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাইপণ্য জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ৩০ মে, ২০২৫
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন।

শুক্রবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস ফেসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল ও ভারতীয় বিভিন্ন ব্রেন্ডের মদ। একই সময়ে চোরাইমাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লাখ ৭২ হাজার ৬৯৯ টাকা।

চোরাইপণ্য জব্দের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২১৪ টাকার এবং এর আগে গত রবিবার আরো ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করা হয়। সবমিলিয়ে গত ৬ দিনে বিজিবির হাতে জব্দ হলো ৩ কোটি ৮২ লাখ ৭ হাজার ৪৬৩ টাকার ভারতীয় পণ্য।

এসএম/টিএ    

মন্তব্য করুন