© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুয়েল শেখ গ্রেফতার

শেয়ার করুন:
সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুয়েল শেখ গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ৩১ মে, ২০২৫
রাজধানীর শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকা থেকে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার মো. জুয়েল ওরফে রুবেল ওরফে জুয়েল শেখ (৩০)–কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪।

শনিবার (৩১ মে) র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব শুরু থেকেই দেশজুড়ে চাঞ্চল্যকর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় ৩০ মে রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাহআলী থানার গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েলকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ৫ জুন ২০২৪ সালের মধ্যরাতে মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন এক বাড়িতে ঢুকে ডাকাতি সংঘটিত করে জুয়েলের নেতৃত্বাধীন একটি ডাকাত দল। দলটি দেশীয় অস্ত্রসহ ঘরে প্রবেশ করে ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম (৪৮)-কে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে এবং তার স্ত্রীর কানের দুলসহ ১০ ভরি ৯ আনা স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৯২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে। ডাকাতির মোট মূল্য প্রায় ১২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।

ঘটনার পর ভুক্তভোগী মাগুরার মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা ৪-৫ জন ডাকাত সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে মহম্মদপুর থানা কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে র‍্যাব-৪ আসামি শনাক্ত ও গ্রেপ্তার অভিযানে নামে।

একাধিক মামলার আসামি
গ্রেপ্তারকৃত মো. জুয়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা জানা গেছে। এছাড়া র‍্যাব জানায়, পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এমআর/টিএ


মন্তব্য করুন