চাহালের ‘ঘরভাঙানি’ তকমায় বিতর্কে মাহওয়াশ, বললেন– “মানুষ কী বলল, পাত্তা নেই”
ছবি: সংগৃহীত
০৫:০০ পিএম | ৩১ মে, ২০২৫
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও বেতার উপস্থাপক মাহওয়াশের সম্পর্ক নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল। প্রথম স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চাহালের সঙ্গে মাহওয়াশের ঘনিষ্ঠতা চোখে পড়ে। তবে কখনোই তারা প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।
আইপিএলের সময় একাধিকবার পাঞ্জাব কিংসের টিম বাসে চাহাল ও মাহওয়াশকে একসঙ্গে দেখা গেছে। হোটেলের বারান্দায় চাহালের জন্য অপেক্ষা করতে দেখা গেছে মাহওয়াশকে। এমনকি মাঠের গ্যালারিতে বসেও চাহালকে উৎসাহ দিতে দেখা যায় তাকে। এসব ঘটনায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
তবে সম্প্রতি মাহওয়াশের একটি সামাজিকমাধ্যম পোস্টে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি লেখেন—

“আপনি জানেন, আপনি কারও সঙ্গে কখনও অন্যায় করেননি। আপনার উদ্দেশ্য সবসময় ভালো ছিল। একদিন আপনাকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে—এই বিশ্বাসে জীবনযাপন করুন। মানুষ কী বলল, তাতে পাত্তা দেওয়ার কিছু নেই।”
তার এই মন্তব্য অনেকেই চাহালের সঙ্গে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত হিসেবে দেখছেন। একইসঙ্গে সামাজিকমাধ্যমে তাকে ‘ঘরভাঙানি’ বলে কটাক্ষ করা ও চাহালের সাবেক স্ত্রী ধনশ্রীর ইঙ্গিতপূর্ণ বার্তাগুলোর জবাব হিসেবেও ধরে নিচ্ছেন কেউ কেউ।
মাহওয়াশ বা চাহাল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে তার এই পোস্ট ঘিরে আবারও সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে। এখন দেখার বিষয়—এই সম্পর্ক আদৌ টিকে থাকে, নাকি এখানেই ইতি টানলেন মাহওয়াশ ও চাহাল।
এসএম/এসএন