© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্ত দিয়ে পুশ-ইন, ময়মনসিংহের গৌরীপুরে আটক ভারতীয় নারী

শেয়ার করুন:
সীমান্ত দিয়ে পুশ-ইন, ময়মনসিংহের গৌরীপুরে আটক ভারতীয় নারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৫ পিএম | ৩১ মে, ২০২৫
ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাতপরিচয়ে এক নারীর ঘোরাফেরা দেখে স্থানীয়রা তাকে আটকে পুলিশে সোপর্দ করে। পরে ওই নারী জানান, তিনি ভারতের আসাম প্রদেশের গৌরীপুর থানার বাসিন্দা। ভারতের বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে তিনি এক সপ্তাহ আগে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এরপর তিনি নিজ এলাকা আসামের গৌরীপুর খোঁজে এই ময়মনসিংহের গৌরীপুরে চলে আসেন।

আজ শনিবার (৩১ মে) এ ঘটনার ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ মামলা দিয়ে তাকে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী নারী জানায়, গতকাল শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় নারী ময়মনসিংহের গৌরীপুর শহরের বিভিন্ন জায়গায় অযাচিত ঘোরাফেরা করছিলেন। বিষয়টি অনেকের নজরে এলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে নিয়ে যায় থানায়।

সেখানে তিনি জানান, আসাম প্রদেশের ধুবড়ী জেলার গৌরীপুর থানার ২নং মধু সুলমারি ইউনিয়নের নাইদুর গ্রামের ময়নাল শেখের কন্যা তিনি। তার মায়ের নাম মৃত সাবজান বিবি ও স্বামীর নাম আব্দুর রাজ্জাক। গত এক সপ্তাহ আগে তিনি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান। এ সময় বিএসএফ তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় সীমান্ত এলাকায়।

সেখানে অনেকের সাথে তাকেও পুশইন করা হয়। পরে তিনি কুড়িগ্রাম জেলায় পৌঁছে নিজের ঠিকানা গৌরীপুর বললে অনেকেই ময়মনসিংহের গৌরীপুরের কথা মনে করে ওই নারীকে একটি বাসে উঠিয়ে দেয়। পরে তিনি চলে আসেন ময়মনসিংহের গৌরীপুরে।

থানায় অবস্থান করা ভারতীয় নারী শুদ্ধ বাংলা ভাষায় বলেন, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। আপনারা ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম জানান, পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এসএম/এসএন

মন্তব্য করুন