© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিল্পীদের নামে মামলা নিয়ে যা বললেন আবুল হায়াত

শেয়ার করুন:
শিল্পীদের নামে মামলা নিয়ে যা বললেন আবুল হায়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ এএম | ০১ জুন, ২০২৫
‘কথা নেই বার্তা নেই, শিল্পীদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়। পাবলিকের কাছে আমাদের জবাবদিহি করতে হয়’—শিল্পীদের বিভিন্ন মামলায় নাম আসা নিয়ে এমন মন্তব্য করেছেন আবুল হায়াত।

শনিবার রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের ‘অ্যাক্টর’স ফ্যামিলি ডে ও অভিষেক-২০২৫ অনুষ্ঠানে এমন কথাগুলো বলেন বর্ষীয়াণ এ অভিনেতা।

এ জিনিসগুলো নিয়েও লিগ্যাল কমিটির কাজ করতে হবে জানিয়ে তিনি আরো বলেন,‘ কথা নেই, বার্তা নেই, শিল্পীদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়, এক হাজারজনের মধ্যে সে নাকি আসামি, মানুষ খুন করেছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে জেলখানায় ধরে রিমান্ডে দিয়ে দেওয়া হচ্ছে। লিগ্যাল প্রবলেম ইদানীং খুব প্রয়োজনীয় হয়ে পড়ে আমরা দেখছি। আইনি বিষয়ে আমাদের আরো শক্ত হতে হবে। এ জিনিসগুলো নিয়েও আমাদের লিগ্যাল কমিটির কাজ করতে হবে, অনেক করণীয় আছে। কারণ, পাবলিকের কাছে আমাদের জবাবদিহি করতে হয়।’

প্রসঙ্গ টেনে এদিন এই অভিনেতা আরো বলেন, “এক সংবাদমাধ্যম থেকে সেদিন ফোন করে বলে, ‘হায়াত সাহেব, আপনি কী ফিল করেন, ওই যে ওমুক শিল্পীকে ধরে নিয়ে গেল?’ বলেছি, আমার ফিলিংয়ের কিছু নেই, ওনার যদি অপরাধ থাকে, সেটা তদন্ত হবে, বিচার হবে; কিন্তু অপরাধ যদি না থাকে, তাহলে এভাবে নিয়ে যাওয়া ন্যক্কারজনক, এটা রীতিমতো অন্যায়। কারণ, যদিও এটা পুরনো কথা, রাজনীতি করার অধিকার সবার আছে। কে কতটা করছেন, এ কারণে দেশের ক্ষতি হচ্ছে কি না, সংগঠনের ক্ষতি হচ্ছে কি না, এগুলো খতিয়ে দেখার ব্যাপার আমাদের সংগঠনেরও আছে, সরকারেরও দরকার।এই সব ব্যাপার এখন ওপরে আসছে, সংগঠনকে এ বিষয়গুলো দেখতে হবে।”

এ ছাড়া নিজের বক্তব্যে এ সময় আবুল হায়াত শিল্পীদের দায়বদ্ধতা নিয়ে কথা বলেন। আইনি পরামর্শ থেকে প্রশিক্ষণ—সব কিছুতে সংগঠনকে আরো কাজ করার পরামর্শও দেন তিনি।

আরআর

মন্তব্য করুন