‘দৃশ্যম থ্রি’: রহস্য নিয়ে ফিরছেন অজয় দেবগন
ছবি: সংগৃহীত
০৮:০২ এএম | ০১ জুন, ২০২৫
২০১৫ সালে মুক্তি পায় বলিউডের থ্রিলার চলচ্চিত্র ‘দৃশ্যম’, যেখানে প্রধান ভূমিকায় ছিলেন অজয় দেবগন ও তাব্বু। রহস্যে ঘেরা সেই গল্প দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর সাত বছর পর আসে এর সিকুয়েল ‘দৃশ্যম টু’। চমকপ্রদ কাহিনি, শক্তিশালী চিত্রনাট্য এবং অজয়ের দুর্দান্ত অভিনয়ে দ্বিতীয় পর্বটিও বক্স অফিসে সাফল্য পায়। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি ১০০ কোটির আয় করে ফেলে।
‘দৃশ্যম টু’-এর সাফল্যের পর তৃতীয় ও চতুর্থ পর্বের আভাস দিয়েছিলেন অজয় দেবগন। এবার সেই ইঙ্গিত বাস্তব হতে চলেছে। আসছে ‘দৃশ্যম থ্রি’, আর সেই খবর অফিসিয়ালি জানিয়ে দিল প্যানোরমা স্টুডিও। ২৯ মে বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক চিঠিতে প্যানোরমা স্টুডিও ঘোষণা জানিয়েছে, ‘দৃশ্যম থ্রি’-এর জন্য ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করতে চলেছে তারা।
ছবিটি পরিচালনা করছেন অভিষেক পাঠক। ‘দৃশ্যম টু’-ও পরিচালনা করেছিলেন তিনি। আর কেন্দ্রিয় চরিত্রে থাকছেন অজয়, আবারও বিজয় সালগাঁওকরের ভূমিকায় দেখা যাবে তাকে।
সিনেপ্রেমীরা আশাবাদী, ‘দৃশ্যম থ্রি’-ও আগের দুই কিস্তির মতোই দর্শকদের নতুন করে চমকে দেবে। তবে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই নতুন অধ্যায়ে এগিয়ে যাবে।
আরএ/এসএন