© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রজাপতি ২ থেকে সরে দাঁড়ালেন ইধিকা? মুক্তি নিয়ে উঠছে প্রশ্ন

শেয়ার করুন:
প্রজাপতি ২ থেকে সরে দাঁড়ালেন ইধিকা? মুক্তি নিয়ে উঠছে প্রশ্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ পিএম | ০১ জুন, ২০২৫
সরস্বতী পুজোর দিন ঘোষণা হয়েছিল দেব অভিনীত 'প্রজাপতি ২' ছবির। প্রযোজক অতনু রায়চৌধুরীর হাত ধরে নতুন এই প্রকল্পে দেবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে— এমনটাই শোনা গিয়েছিল। জুন মাস থেকে লন্ডনে শুরু হওয়ার কথা ছিল ছবির শুটিং, যেখানে দেবের সঙ্গে থাকতেন মিঠুন চক্রবর্তীও। কিন্তু সব পরিকল্পনা নিয়ে এখন উঠছে প্রশ্ন।

টলিউডে গুঞ্জন, ছবির চরিত্র কিংবা চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ইধিকা নিজে থেকেই এই ছবির কাজ ছেড়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইধিকার পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। টানা একের পর এক কাজের মধ্যে থাকায় সময়ের অভাব, কিংবা চরিত্রটি তার সঙ্গে মানানসই না হওয়াই কি এই সিদ্ধান্তের পেছনের কারণ— সে প্রশ্নও উঠছে।

সম্প্রতি ইধিকাকে দেখা গিয়েছে ‘খাদান’-এর কিশোরী গানে, বাংলাদেশে ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে, আর ‘বরবাদ’-এর ঝলকে দর্শক বেশ প্রশংসাও করেছেন তাকে নিয়ে। এমন সময় ‘প্রজাপতি ২’ থেকে সরে দাঁড়ানোয় এই সিক্যুয়েল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


চলতি সময়ে দেব ব্যস্ত রয়েছেন তার বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র প্রচারে। পাশাপাশি চলছে ‘রঘু ডাকাত’-এর শুটিংও। এর মাঝে 'প্রজাপতি ২' নিয়ে কোনও অফিসিয়াল আপডেট আসেনি এখনো পর্যন্ত। তাই প্রশ্ন উঠছেই— এই বছর আদৌ কি মুক্তি পাবে ‘প্রজাপতি ২’? ইধিকা না থাকলে কে হবেন দেবের বিপরীতে? আর লন্ডনে শুটিং হবে তো ঠিক সময়ে?

সব প্রশ্নের উত্তর এখনও সময়ের গর্ভে। শেষ কথা বলবে হয়তো দেব বা প্রযোজকের পক্ষ থেকেই কোনও চূড়ান্ত ঘোষণা। আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।

এফপি/এসএন 

মন্তব্য করুন