© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শক্তিমান’ রিবুটে কি হিসেবে থাকছেন রণবীর সিং? প্রযোজক না নায়ক!

শেয়ার করুন:
‘শক্তিমান’ রিবুটে  কি হিসেবে থাকছেন রণবীর সিং? প্রযোজক না নায়ক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ০১ জুন, ২০২৫
ভারতের প্রথম সুপারহিরো ‘শক্তিমান’-এর রিবুট নিয়ে গত কয়েক বছর ধরেই উত্তেজনা তুঙ্গে। ৯০’র দশকের শিশুমন থেকে আজকের প্রাপ্তবয়স্ক দর্শক—সবার মধ্যেই যেন এক অন্যরকম আবেগ জড়িয়ে এই চরিত্রকে ঘিরে। তবে সম্প্রতি শক্তিমান রিবুট নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে নতুন করে, তাও আবার বলিউড তারকা রণবীর সিং-এর নাম জড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো—আসলে কি তিনি শক্তিমানের নতুন অবতারে ফিরছেন?

সম্প্রতি দুই প্রভাবশালী বিনোদনমাধ্যমে বিপরীতধর্মী দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর একটি বলছে, রণবীর শক্তিমান প্রজেক্টে যুক্ত নন, অন্যটি বলছে, তিনি শুধু যুক্তই নন—তিনি নাকি এর রাইটসও কিনে নিয়েছেন।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর সিং এই মুহূর্তে শক্তিমান রিবুটের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রযোজক হিসেবেও নয়, অভিনেতা হিসেবেও নয়। প্রতিবেদনে এক ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “রণবীরের হাতে প্রযোজনার সময়ই নেই। তিনি এখন শুধুই অভিনয়ে মনোযোগ দিচ্ছেন, বিশেষ করে ধুরন্ধর ও ডন থ্রি—এই দুটি বড় বাজেটের সিনেমায়।”

অন্যদিকে, ফিল্মফেয়ারের এক্সক্লুসিভ প্রতিবেদনে পুরোপুরি ভিন্ন তথ্য উঠে এসেছে। তাদের দাবি, রণবীর সিং ইতিমধ্যেই শক্তিমান রিবুটের রাইটস কিনে ফেলেছেন এবং এটি একটি ওটিটি সিরিজ হিসেবেই নির্মিত হচ্ছে। তবে তিনি নিজে শক্তিমান চরিত্রে অভিনয় করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

এই দ্বিমুখী তথ্য অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। কারণ, অতীতেও একাধিকবার শোনা গিয়েছিল, রণবীর নিজে শক্তিমান চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন। আবার কোনো সময় খবর রটে, যশরাজ ফিল্মস বা সনি পিকচার্স ছবিটি প্রযোজনার দায়িত্ব নিচ্ছে। যদিও এসব খবরের কোনো অফিসিয়াল নিশ্চয়তা আজও আসেনি।

মূল ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করেছিলেন মুখেশ খান্না। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সালের মধ্যে এই চরিত্রটি ভারতের অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর টিভি চরিত্র হয়ে ওঠে। ২০২১ সাল থেকে শুরু হয় চরিত্রটির নতুন করে ফিরে আসার গুঞ্জন, কখনো সিনেমা হিসেবে, কখনো বা ওটিটি সিরিজ হিসেবে।

তবে এখনও পর্যন্ত রণবীর সিং, মুখেশ খান্না কিংবা প্রযোজক সংস্থা কেউই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। দুই বিপরীতমুখী সূত্র যা বলছে, তাতে হয় গোপনে আলোচনা চলছে, নয়তো আদৌ কোনো প্রকল্প নেই। যতক্ষণ না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম সরাসরি ঘোষণা দিচ্ছে, ততক্ষণ রণবীর সিং এর যুক্ততা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সবমিলিয়ে, শক্তিমান আদৌ ফিরছে কি না, ফিরলেও রণবীর সিং সেই মুখ্য চরিত্রে থাকছেন কি না—তা নিয়ে এখনো রহস্য কাটেনি। আপাতত রণবীর সিং ব্যস্ত তার পরবর্তী দুই সিনেমা—ধুরন্ধর ও ডন থ্রি’র শুটিং ও প্রস্তুতিতে। শক্তিমান যদি ফিরেও আসে, সেটা হয়তো অন্য কোনো চমক নিয়েই!

মন্তব্য করুন