© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৮০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, আটক ৩

শেয়ার করুন:
জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৮০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ এএম | ০২ জুন, ২০২৫
জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মজুদ ২ হাজার ৮০০ কেজি সরকারি ভিজিএফ চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়।

রোববার (১ জুন) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন মোহাম্মদ নাজমুল মিয়ার ভাড়াটিয়া দোকানে অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আশিক মিয়া, মো. শান্ত ও মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের রায়হান মিয়া।

অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এ সময় ভিজিএফ কার্ডের বিতরণের ৫৬ বস্তায় ২ হাজার ৮০০ কেজি চাল অবৈধভাবে মজুদ করে বস্তা পাল্টিয়ে বিক্রির উদ্দেশে ইজিবাইক যোগে নিয়ে যাওয়ার সময় চালগুলো জব্দ করে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে উদ্ধার চাল ও গ্রেফতার ৩ জনকে প্রশাসনের উপস্থিতিতে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান গণমাধ্যমকে বলেন, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার ৫৬ বস্তা চাল ও আটক ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএম   

মন্তব্য করুন