© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার বছর পরও আলোর মুখ দেখল না ‘শক্তিমান’, সরে দাঁড়ালেন রণবীর সিং

শেয়ার করুন:
চার বছর পরও আলোর মুখ দেখল না ‘শক্তিমান’, সরে দাঁড়ালেন রণবীর সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩১ এএম | ০৪ জুন, ২০২৫
ভারতের প্রথম ঘরোয়া সুপারহিরো ‘শক্তিমান’-এর আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনায় উত্তেজনা ছিল চরমে। সোশ্যাল মিডিয়ায় টিজার, সম্ভাব্য কাস্ট, বড় বাজেট ও আন্তর্জাতিক মানের প্রোডাকশনের আশ্বাসে ভক্তরা আশায় বুক বেঁধেছিল। কিন্তু এখন সেই স্বপ্নভঙ্গের পথে। যাঁকে কেন্দ্র করে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল—অভিনেতা রনভীর সিং, তিনি আর এই প্রকল্পের অংশ নন। তাঁর টিম নিশ্চিত করেছে, রনভীর বর্তমানে ব্যস্ত আদিত্য ধর পরিচালিত একটি থ্রিলার ও ‘ডন থ্রি’ ছবির প্রস্তুতিতে।

চার বছর আগে ‘শক্তিমান’ নতুন করে তৈরি করার ঘোষণা এসেছিল। সনি পিকচার্স এতে যুক্ত হয়েছিল আন্তর্জাতিক মানের প্রজেক্ট তৈরির লক্ষ্য নিয়ে। রনভীরকে ভাবা হয়েছিল নতুন প্রজন্মের উপযুক্ত ‘শক্তিমান’ হিসেবে। কিন্তু এখন সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। শুধু কাস্ট নয়, এখনও পর্যন্ত নেই কোনও চূড়ান্ত পরিচালক বা চিত্রনাট্য। প্রকল্পটির মূল উদ্যোক্তা মুকেশ খান্নাও দৃঢ় কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঠাট্টা শুরু হয়ে গেছে—“শক্তিমান চার বছরে শুধু মিটিংই শেষ করতে পারেনি!”



সনি পিকচার্স এখনও প্রকল্পটির সঙ্গে যুক্ত আছে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। সূত্রমতে, তারা প্রথমে এই আইপি’র আন্তর্জাতিক সম্ভাবনা কাজে লাগাতে চাইলেও এখন ধৈর্য হারাতে বসেছে। যদি তড়িৎ পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা হয়তো পেছিয়ে আসবে।

রনভীরকে না পাওয়ায় প্রজেক্টের গ্ল্যামার ও আকর্ষণ অনেকটাই কমে গেছে বলে মত ভক্তদের। তাঁর স্টাইল, এনার্জি ও বহুরূপী অভিনয় দক্ষতা ছিল চরিত্রটির জন্য একেবারে মানানসই। এখন প্রশ্ন উঠছে, কে পারবেন শক্তিমান-কে সেই নতুন মাত্রা দিতে?

‘শক্তিমান’ একসময় ছিল ভারতীয় ছোটদের চোখে রূপকথার নায়ক। সেই চরিত্রকে আধুনিক রূপে ফিরিয়ে আনার ইচ্ছা এখনও রয়েছে অনেকের। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। মুকেশ খান্না যদি এবারও সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে হয়তো শক্তিমান নিজেকেই আর বাঁচাতে পারবে না।

আরআর/টিকে

মন্তব্য করুন