বেকারদের জন্য আলাদা কোনো ঘোষণা নেই প্রস্তাবিত বাজেটে : রাশেদ
ছবি: সংগৃহীত
০২:০৮ পিএম | ০৪ জুন, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেকারদের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বলে অভিযোগ এনেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
আজ বুধবার (৪ জুন) সকালে রাজধানীর পুরানা পল্টনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ তোলেন।
রাশেদ খান বলেন , ২৭ লাখ বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা নেই বাজেটে। দারিদ্র্য দূরীকরণে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার।
তিনি আরও বলেন , আওয়ামী আমলে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হতো। এই বাজেটেও তা দেখা যাচ্ছে।
এ সময় কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাবের তীব্র নিন্দা জানান এই গণঅধিকার পরিষদ নেতা ।
তিনি বলেন , উপদেষ্টা পরিষদের অদক্ষতায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আগে বাজেট নিয়ে বিতর্ক বা মতামত দেওয়ার সুযোগ থাকলেও এবার তা নেই। এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি।
নতুন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন রাশেদ খান।
কেএন/টিকে