© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশ চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ৬ মাস প্রশিক্ষণ গ্রহণ করেছি: বাঁধন

শেয়ার করুন:
পুলিশ চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ৬ মাস প্রশিক্ষণ গ্রহণ করেছি: বাঁধন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ এএম | ০৫ জুন, ২০২৫
২০০৯ সালে ঢাকার আজীমপুরে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘এশা মার্ডার: কর্মফল’। ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে আজ বুধবার এফডিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়।

নির্মাতা সানি সানোয়ার অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, পূজা এগনেস ক্রুজ, অভিনেতা ফারুক আহমেদ, শরীফ সিরাজসহ সিনেমার কলাকুশলীরা।
খুন রহস্যে ঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত সিনেমায় একজন পুলিশের তদন্ত অফিসার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

তিনি বলেন, “বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নারী চরিত্রের এরকম অনবদ্য উপস্থাপনের পরিকল্পনায় মুগ্ধ হয়ে আমি সিনেমাটির সঙ্গে যুক্ত হই। আমার ধারণা এবার ঈদে অসংখ্য সিনেমার ভিড়ে ‘এশা মার্ডার’ ভিন্নতা পাবে। সানী ভাইয়ের গল্প বলার ধরণ এবং উপস্থাপন কৌশল সিনেমাটিকে অনন্য মাত্রা দিয়েছে। এছাড়া আমি জীবনের প্রথমবার পুলিশ চরিত্র অভিনয় করেছি। আমার এই জার্নিটা ছিল খুব চ্যালেঞ্জিং। আমরা সবাই মিলে গল্পটি দারুণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি হলে গিয়ে দর্শক সিনেমাটি দেখবেন।”

ঈদে সিনেমা নিয়ে জীবনের প্রথম প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন বাঁধন। অন্য সব সিনেমার সঙ্গে পাল্লা দেওয়া নিয়ে চিন্তিত নন তিনি।

অভিনেত্রীর কথায়, “অন্য সিনেমার জন্য নার্ভাস না, নিজের সিনেমা নিয়ে নার্ভাসনেস কাজ করছে। মানুষ সিনেমাটি কীভাবে নেনে সেটা মনে করে কিছুটা ভয়ও কাজ করছে। তবে আমি একটি কথা বলতে চাই, ঈদে আরও অনেক সিনেমা আসবে। আপনারা সিনেমা হলে গিয়ে বাকী সিনেমা দেখেন। সেই সঙ্গে ‘এশা মার্ডার’ সিনেমাটিও দেখেন। বাঁধন পুলিশ অফিসার হিসেবে কেমন সেটা জানতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে।”

অভিনেতা ফারুক আহমেদ বলেন, ‘আমি এই সিনেমায় থানার ওসি চরিত্রে অভিনয় করেছি। সবচেয়ে বড় কথা হলো সিনেমার যারা ছিলেন তারা গল্পের কারণে সবাই ভালো অভিনয় করতে বাধ্য হয়েছে। কারণ, সিনেমার গল্পটা দারুণ। যেহেতু এবার ঈদে আরও বেশ কয়েকটি সিনেমা আসছে সেবগুলো সিনেমার সঙ্গে দর্শক আমাদের সিনেমাটি দেখবেন বলে আশা করি।’

সিনেমার নাম (এশা) ভূমিকায় অভিনয় করা পূজা এগনেস ক্রুজ বলেন, “এ রকম বাণিজ্যিক সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে (এশা ) অডিশনে টিকার পরপরই আমি পরিপূর্ণ ‘এশা’ হয়ে উঠার জন্য পরিচালক সানী সানোয়ার ভাইয়ে পরামর্শে প্রায় ৬মাস ব্যাপী নানা ধরণের প্রশিক্ষণ গ্রহণ করি। আমি ছাড়াও এই সিনেমার অনেক শিল্পীকে প্রযোজনা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ প্রদান করে। এরকম সুসংগঠিত আয়োজন এবং কাহিনীর শৈল্পিক জার্নি সিনেমাটিকে বিশেষ উচ্চাতায় নিয়ে গেছে বলে আমার বিশ্বাস।”

‘এশা মার্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্তকে।

এমআর


মন্তব্য করুন